২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু রোববার

রপ্তানিমুখী পণ্যের গুণগত মান ক্রেতাদের সামনে তুলে ধরা এবং এর প্রসার বাড়ানোর লক্ষ্যে রোববার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানিমুখী পণ্যের গুণগত মান ক্রেতাদের সামনে তুলে ধরা এবং এর প্রসার বাড়ানোর লক্ষ্যে রোববার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর আগারগাঁয়ে ১৭তম এই মেলা হবে বলে শনিবার মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বলেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। আন্তর্জাতিক বাণিজ্যমেলাকে ‘মিলনমেলা’ উল্লেখ করে তিনি বলেন, “এবার বাণিজ্য মেলায় প্রতিদিন গড়ে প্রায় এক লাখ দর্শকের সমাগম হবে।” সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার মেলায় বাংলাদেশের বাইরে ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উত্তর আফ্রিকার দেশ মরক্কো এবার প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে। অন্যান্য দেশের মধ্যে পাকিস্তান, ভারত, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য বড়দের জন্য ২০ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তারা। তারা বলেন, মেলার মোট স্টল সংখ্যা হচ্ছে ৫০৫টি। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৫০টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৪৪টি, প্রিমিয়ার মিনি-প্যাভিলিয়ন ৩৬টি, সংরক্ষিত মিনি-প্যাভিলিয়ন ১৫টি, প্রিমিয়ার স্টল ৪৭টি ও ৩০টি সাধারণ স্টল রয়েছে। এছাড়া মা ও শিশুর পরিচর্যা কেন্দ্র তিনটি, ছয়টি রেস্টুরেন্ট, শিশুদের বিনোদনের জন্য একটি অ্যামিউজমেন্ট পার্ক এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে একটি প্যাভিলিয়ন থাকছে। ১৯৯৫ সাল থেকে এই মেলার আয়োজন করছে ঢাকা। বাণিজ্যমন্ত্রী বলেন, “বাণিজ্য মেলা আয়োজনে স্থায়ী ভেন্যুর জন্য পূর্বাচলে ২০ একর জায়গা বরাদ্দ করা হয়েছে। সেখানে উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। এই সরকারের আমলেই স্থায়ী মাঠে বাণিজ্য মেলা শুরু হবে।” “এবারের মেলার সৌন্দর্য বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মেলার প্রচার জোরদার করতে ঢাকা শহরে গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ডিজিটাল ব্যানার ও ফেস্টুন দেওয়া হবে। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।” তিনি জানান, গতবার মেলা থেকে প্রায় ২৫ কোটি টাকার সমপরিমাণ পণ্যের রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিলো। যার পরিমাণ ছিলো ২২ কোটি ৮৬ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/২১৩০ ঘ.