২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এনটিভির কনসার্ট হচ্ছে না

অনুমতি বাতিল করায় চট্টগ্রাম নগরীতে এনটিভির আয়োজনে খ্রিস্টীয় নববর্ষ বরণের কনসার্ট হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি বাতিল করায় চট্টগ্রাম নগরীতে এনটিভির আয়োজনে খ্রিস্টীয় নববর্ষ বরণের কনসার্ট হচ্ছে না। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে ‘একেএস স্টিল ধামাকা’ শীর্ষক এই ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারায় এই অনমুতি বাতিল করা হয় বলে শুক্রবার নগর পুলিশের বিশেষ শাখা এক চিঠিতে জানায়। এরপর এনটিভি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করে বলে এনটিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না জানিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় নগর পুলিশের বিশেষ শাখা থেকে চিঠি দিয়ে কনসার্টের অনুমতি বাতিলের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, নগরীর ইপিজেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে অফিসার ও ফোর্স মোতায়েন থাকায় ফোর্সের স্বল্পতার কারণে অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে, বলেন হায়দরী। নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার মেসবাহ উদ্দিন আহমেদও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এনটিভি আয়েজিত কনসার্টের অনুমতি বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। নতুন বছর ২০১২ বরণ উপলক্ষে চট্টগ্রামে এনটিভি এবার প্রথমবারের মতো ওপেন এয়ার কনসার্টের আয়োজন করার উদ্যোগ নেয়। এর আগে এটি কক্সবাজার সমুদ্র সৈকতে করা হতো। ওই কনসার্টে জেমস, মমতাজ, হায়দার হোসেন, হৃদয় খানসহ ক্লোজআপ ওয়ান তারকা নিশীথা বড়–য়া, সাব্বির ও রিংকুর গান করার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০৩১ ঘ.