২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডুবন্ত চলচ্চিত্রকে বাঁচাতে দক্ষ নাবিক চাই’

এফডিসিতে এক আলোচনা সভায় বক্তাদের সবাই বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে শক্তিশালী এই গণমাধ্যমটির সুদিন ফিরিয়ে আনার কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এফডিসিতে এক আলোচনা সভায় বক্তাদের সবাই বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে শক্তিশালী এই গণমাধ্যমটির সুদিন ফিরিয়ে আনার কথা বলেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনের উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কণ্ঠেও ছিলো একই সুর। মুহিত বলেন, “বাংলা চলচ্চিত্র তার গৌরবোজ্জ্বল অধ্যায়কে পেছনে ফেলে এসেছে। বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোর অবস্থাও করুন। হারানো গৌরব পুনরুদ্ধার করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।” পরিচালক সমিতির সভাপতি মো. হান্নান বলেন, “এ উৎসবের মাধ্যমে আমরা একটি ‘ডুবন্ত জাহাজকে’ তুলে ধরার চেষ্টা করছি। চলচ্চিত্রের এ জাহাজটিকে রক্ষা করতে সব পরিচালকদের ‘নাবিকের’ ভূমিকায় অবতীর্ণ হতে হবে।” প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র দেখার মাধ্যমে বাংলাদেশের এই শিল্পমাধ্যমটিকে সক্রিয় রাখার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানান তিনি। চলচ্চিত্রের সম্ভাবনার দিকটি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের কিছু চলচ্চিত্র দেশের গণ্ডির বাহিরে প্রশংসিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।” “আমরা চাইলেই ভালো চলচ্চিত্র বানাতে পারি। বাংলা ভাষার চলচ্চিত্র চর্চা ছাড়াও অন্যান্য ভাষায় চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে চিন্তা করতে হবে। সময় এসেছে আমাদের ‘মাল্টি লিংগুয়াল’ চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার,” বলেন তিনি। অনুষ্ঠানের সূচনা সঙ্গীত গাওয়ার সময় অর্থমন্ত্রীও এর সঙ্গে কণ্ঠ মেলান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক ম হামিদ বলেন, চলচ্চিত্রের উন্নয়নে প্রয়োজন চাহিদা এবং লক্ষ্যের সমন্বয়। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জে সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং ম হামিদকে পরিচালক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট এবং স্মারক উপহার দেওয়া হয়। এফডিসির ২ নম্বর সেটে অনুষ্ঠিত এই আয়োজনে পরিচালকদের পাশাপাশি শিল্পী-কলাকুশলীরাও অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও রিয়াজ। আলোচনার পর শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে হাবিব, হাসান মাসুদ, আফজাল, অঞ্জনাও অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২১০৫ ঘ.