২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত শনিবার

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে শনিবার সিদ্ধান্ত নেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে শনিবার সিদ্ধান্ত নেবে সরকার। শুক্রবার বিকালে সড়ক ভবনে যোগাযোগমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকের পর বাংলাদেশ অভ্যন্তরীণ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আইউব উর রহমান এ তথ্য জানান। সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা করে শুক্রবার থেকে বাড়িয়েছে। এইদিনই পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিএ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “শনিবার সকালে বিআরটিএ কার্যালয়ে পরিবহন ভাড়া নির্ধারণের জন্য গঠিত কস্টিং কমিটির বৈঠকের পর বিকাল ৩টায় তা অনুমোদনের জন্য সড়ক ভবনে মন্ত্রীর সঙ্গে আবার বৈঠকে বসা হবে।” বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক কে এনায়েত উল্লাহ বলেন, “কস্টিং কমিটি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মিটিংয়ে নির্ধারণ হওয়ার আগে দেশের কোথাও ভাড়া বাড়ানো হবে না।” এই বছর চার দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হলে তার সঙ্গে পাল্লা দিয়ে পরিবহন ভাড়াও বাড়ে বারবার। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী গত অক্টোবরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ানো হয় ৫ পয়সা। অটো রিকশার ভাড়া বাড়ানো হয় কিলোমিটারে ১৪ পয়সা হারে। আর দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ১৫ পয়সার পরিবর্তে ১ টাকা ২০ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বড় বাসের বর্তমান ভাড়ার হার প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা; মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা। সিএনজি অটো রিকশার প্রথম দুই কিলোমিটারের নির্ধারিত ভাড়া ২৫ টাকা এবং এরপর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা। তবে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে জ্বালানি তেলের দামের পাশাপাশি যন্ত্রাংশসহ অন্য ১৬টি বিষয়ও বিবেচনায় রাখার দাবি জানাচ্ছে বাস মালিকরা। এনায়েত উল্লাহ বলেন, “এর আগে একবার তেলের দাম ৫ পয়সা বাড়ানো হলেও এই বিষয়গুলো বিবেচনায় আসেনি। আমরা আশা করবো, এবার ভাড়া বাড়ানোর ক্ষেত্রে সবগুলো বিষয়কেই যেন বিবেচনায় আনা হয়।” ২০১০ সালে প্রজ্ঞাপন জারি করে ভাড়া নির্ধারণের জন্য বিআরটিএ, বিআরটিসি, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এই সাব কমিটি গঠন করা হয়। তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে কস্টিং কমিটির সঙ্গে আলোচনার বিধান থাকলেও সেটা পালন করা হয় না বলেও অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৮৩৬ ঘ.