২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ওয়াটার বাস চালু হবে: নৌ মন্ত্রী

সরকার খুব শিগগিরই নৌপথে নতুন পদ্ধতিতে ওয়াটার বাস চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

শেরপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার খুব শিগগিরই নৌপথে নতুন পদ্ধতিতে ওয়াটার বাস চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। শুক্রবার শেরপুরে এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, নৌপথে গতি ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। এ উদ্দেশ্যে নদী খননের জন্য সরকার আগামী দুই বছরে আরো ১৭টি ড্রেজার কেনার সিদ্ধান্ত নিয়েছে। দুপুরে গৌরিপুর বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক ট্যাংকলরি চালক শ্রমিক ইউনিয়ন আয়োজিত মালিক-শ্রমিক ঐক্য সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন। শাহজাহান খান বলেন, দেশের ২৫ হাজার কিলোমিটারের নৌ পথের মধ্যে ইতোমধ্যে ২১ হাজার ৪০০ কিলোমিটার হারিয়ে গেছে। বাকি আছে ৩ হাজার ৬০০কিলোমিটার। তিনি বলেন, নদীর নাব্যতা ধরে রাখার জন্য স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সময় ৭টি ড্রেজার কেনা হয়েছিল। পরবর্তীতে আর কেউ এদিকে নজর দেয়নি। এবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরো ৩টি ড্রেজার কিনেছে। বেসরকারি পর্যায়ে রয়েছে আরো ১৫টি। এই ২৫টি ড্রেজার দিয়ে বিভিন্ন নদীতে খনন কাজ চলছে, বলেন মন্ত্রী। শেরপুর বাস-কোচ মালিক সমিতি সভাপতি ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলামসহ অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩৩ ঘ.