দিনাজপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মিনিবাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হন দুইজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন ভটভটি যাত্রী মো. তোতা (৩৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুলিয়া গ্রামের খলিল (৩৫), সেলিম (২৫) ও জোহরা বেগম (৫৫)।
আহত বিশুলিয়া গ্রামের মো. জালাল উদ্দিন (৪৫) ও রুহুল আমিনকে (৩০) ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি আকতার হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে বিপরীতমুখী গরু বোঝাই ভটভটির সংঘর্ষ হলে ঘটনাস্থলে মো. তোতা নিহত হন। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24