চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ধ্বংস করেছে র্যাব-৭।
গত তিন মাসের মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া এ মাদক বুধবার দুপুরে নগরীর পতেঙ্গা র্যাব কার্যালয়ে ধ্বংস করা হয়।
এ সময় র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুলফিকার আলী মজুমদার এবং চট্টগ্রামের দুই জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইব্রাহিম মিয়া ও মো. আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
র্যাব-৭ এর এএসপি এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে পরিচালিত বিভিন্ন অভিযানে উদ্ধার করা এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে- ১২০ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিন হাজার ৭০টি বিয়ার ক্যান, ৮২২ বোতল বিদেশি মদ, ১৯৮ লিটার চোলাই মদ, এক হাজার ৫৩০ বোতল ফেনসিডিল, দুই হাজার ৪৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯ বোতল রিকোডেক্স, ১২ হাজার পিস টার্গেট ট্যাবলেট, এক হাজার সাতশ পিস বেটনোভেট এন ক্রিম, ৮৫০ পিস মুভ, ৮৮টি ভেসলিন এবং মশা মারার লিকুইড গুড নাইট কয়েল ৭০টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯১৪ ঘ.
bdnews24