ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পঙ্গু হাসপাতালে সাংবাদিক নিখিল ভদ্রকে দেখে এসেছেন যোগাযোগমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
তারা নিখিলের অবস্থার খোঁজ-খবর নেন এবং তার চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে বহনের আশ্বাস দিয়েছেন।
দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন যোগাযোগমন্ত্রী।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক পেরুনোর সময় বিআরটিসির একটি বাসের ধাক্কায় আহত হন কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল। তার ডান পা গোড়ালি থেকে কেটে ফেলতে হয়েছে।
বিকাল ৫টার দিকে যোগাযোগমন্ত্রী কাদের পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নিখিলকে দেখতে যান বলে কালের কণ্ঠের সাংবাদিক তৌফিক মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, এই দুর্ঘটনার ব্যাপারে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ার দরকার, সরকার তা নেবে। এছাড়া তার চিকিৎসার ব্যয়ভারও সরকার বহন করবে।
সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ হাসপাতালে যান।
তথ্যমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, দুর্ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে এক জন সাংবাদিক প্রতিনিধিও থাকবেন। অন্য তিন প্রতিনিধি থাকবেন সরকার, বিআরটিসি ও বিআরটিএ থেকে।
মারুফ জানান, স্বাস্থ্যমন্ত্রী, স্পিকারসহ সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেই টেলিফোন করে নিখিলের খোঁজ-খবর নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24