নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে নারায়ণগঞ্জে লিনা পেপার মিলস লিমিটেড নামে একটি কাগজ তৈরির কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
একইসঙ্গে রূপগঞ্জে অবস্থিত এ কারখানাকে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান চালিয়ে বুধবার এই জরিমানা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০০১ সালে প্রতিষ্ঠিত কারখানাটির পরিবেশ ছাড়পত্র নেই। এমনকি বর্জ্য পরিশোধন প্লান্টও (ইটিপি) তারা স্থাপন করেনি।
পরিবেশ অধিদপ্তরের তদন্তে দেখা যায়, এ কারখানা গত ১১ বছরে আনুমানিক ২ লক্ষ ঘনমিটার তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নির্গমন করেছে। যাতে উচ্চমাত্রার ক্ষারীয় বর্জ্য রয়েছে।
শীতলক্ষ্যা নদীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। কারখানাটি ‘লাল’ শ্রেণীভূক্ত হওয়ায় তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন এবং পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু কারখানা মালিক তা করেননি।
কারখানার উৎপাদন প্রক্রিয়ায় যে রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য উৎপন্ন হয়, তা সরাসরি শীতলক্ষ্যা নদীতে নির্গত হওয়ায় জলজ প্রাণীসহ সার্বিক পরিবেশের জন্য তা ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।
নির্ধারিত সময়সীমার মধ্যে ইটিপি স্থাপন করে মালিককে কারখানা চালুর নির্দেশ দেওয়া হয়েছে বলে পরিবেশ বিভাগ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৯৫৫ ঘ.
bdnews24