২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সংলাপের প্রশংসায় মজিনা

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ইতিবাচক বলে মনে করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ইতিবাচক বলে মনে করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে সিটিএমএস ও আরডিএস প্রকল্পের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সব দলকে নিয়ে আলোচনা ইতিবাচক এবং এতে সব দলের অংশগ্রহণও খুব ভালো দিক।” নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। ইতোমধ্যে জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্র্যাটি পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ কয়েকটি দলের সঙ্গে সংলাপে বসেছেন রাষ্ট্রপতি। এই সংলাপের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকেও ইতোমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির সঙ্গে সংলাপ হবে ১১ জানুয়ারি, তার পরদিন আওয়ামী লীগের বক্তব্য শুনবেন তিনি। চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত মজিনা বলেন, “বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্যের ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। বিশ্বের বন্দরগুলোর মধ্যেও এই বন্দর গুরুত্বপূর্ণ। এ কারণে বন্দরে ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ’র আওতায় তেজস্ক্রিয়া শনাক্তকরণ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।” এ কার্যক্রমের মধ্য দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরও সম্পৃক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় অংশীদার বলে মনে করে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এ বিষয়ে একসঙ্গে কাজ করছে।” বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ সেন্টার (সোয়াডস) প্রকল্প বাস্তবায়নেও যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, “এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা শক্তিশালী হবে। এর মাধ্যমে সমুদ্রে জলদস্যুতা, চোরাকারবারি ও অবৈধ মৎস্য শিকার প্রতিরোধ করা সম্ভব হবে।” মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় কন্টেইনারে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ সনাক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে নৌবাহিনীর নবগঠিত ‘সোয়াডস কমান্ড’র আওতায় বিএনএস নির্ভীক ঘাঁটির কমিশনিং এবং নেভাল এভিয়েশনের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২১৫২ ঘ.