২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশনের ওপর জনগণ আস্থাশীল: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের ওপর এখনো জনগণের আস্থা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের ওপর এখনো জনগণের আস্থা রয়েছে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এ আস্থা আরো বাড়াতে হবে বলেও মনে করেন তিনি। মঙ্গলবার রাজধানীতে ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের এক কর্মশালায় সিইসি এ কথা বলেন। বর্তমান নির্বাচন কমিশনের বিদায়ের প্রাক্কালে মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বললেন তিনি। আগামী ফেব্র“য়ারি শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের ইসির মেয়াদ শেষ হচ্ছে। কর্মশালায় অন্য দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন ও ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় নির্বাচন কর্মকর্তাদের দক্ষতা ও সততার সঙ্গে কাজ করতে বলেন বিদায়ী সিইসি। আগামী ফেব্র“য়ারির মাঝমাঝি বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মত জানতে ইতিমধ্যে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি। কর্মশালায় ইসির পঞ্চবার্ষিক পরিকল্পনা তুলে ধরা হয়। বর্তমান ইসির অধীনে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়নসহ নানা সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হয়। এর ধারাবাহিকতায় দ্বি-বার্ষিক ও পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনাও প্রণয়ন করে ইসি। সেনা সমর্থিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভোটার তালিকার প্রেক্ষাপট তুলে ধরে সিইসি শামসুল হুদা বলেন, “২০০৭/০৮ সালে একটি বিশেষ সময় থাকার কারণেই সুষ্ঠু ভোটার তালিকা করা সম্ভব হয়েছে। ওই সময় ভোটার তালিকা তৈরিতে পুরো রাষ্ট্রই সহযোগিতা করেছে।” “রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু ভোটার তালিকা করা কঠিন। রাজনৈতিক সরকারের সময় ওই সব সুযোগ সুবিধা আর পাওয়া যাবে না,” যোগ করেন তিনি। বারবার সংশোধনের মাধ্যমে হালনাদাগাদ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় করা ভোটার তালিকা সংরক্ষণের তাগিদ দেন শামসুল হুদা। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কয়েকটি দলের বিরোধিতার পরও এ পদ্ধতিকে ইসি এগিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ইভিএম নিয়ে যেহেতু ইসির কোনো কারচুপির ইচ্ছা নেই। এক সময় সব দল এর ইতিবাচক দিকটি বুঝতে পারবে।” নির্বাচন কমিশন বিষয়ে আইন সংস্কারের উদ্যোগ কমিশনের কাছেই থাকা উচিত বলে মনে করেন তিনি। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান- এ কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “এর অর্থ এই নয় যে, কমিশনের যা ইচ্ছা তাই করবে। বরং সব এজেন্সির সঙ্গে সমন্বয় রেখে কমিশনের কাজ এগিয়ে নিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩১ ঘ.