নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালুবাহী ট্রলারে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথের বালুবাহী ট্রলার শ্রমিকদের ধর্মঘট তিন দিন পর প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার প্রশাসনের সঙ্গে কার্গো মালিক ও শ্রমিকদের এক বৈঠক শেষে রাত সোয়া ৯টার দিকে এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়ে বলেন, “এখন থেকে কোনো ইজারদার নদীতে ট্রলার নিয়ে টোকেন কেটে টাকা নিতে পারবে না। বালু মহালে বসেই ইজারাদারদের টোকেন কাটতে হবে।”
তিনি বলেন, “সিদ্ধান্ত হয়েছে যেকোনো বালুবাহী কার্গোর ট্রলার যেকোনো স্থান থেকে টোকেন নিতে পারবে।”
শনিবার থেকে বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন ধর্মঘট শুরু করে।
ধর্মঘটের সময় ট্রলার শ্রমিক নেতা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, মেঘনা সেতু থেকে মুক্তারপুর সেতু এবং নারায়ণগঞ্জের মোহনায় চর ইজারাদারদের লোকজন ও স্থানীয় সন্ত্রাসীরা বালুবাহী ট্রলারে চাঁদাবাজি করে।
শ্রমিকেরা চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছিলেন তিনি।
মঙ্গলবারের নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোস্টগার্ড, র্যাব, বিআইডব্লিউটিএ, সমুদ্র পরিবহন অধিদপ্তর, বালুবাহী ট্রলার মালিক সমিতি, কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ও চর ইজারাদাররা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্তগুলো নিশ্চিত করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনজকান্তি বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২২০৮ ঘ.
bdnews24