২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমানের ভাইকে সমর্থন দিচ্ছে আ. লীগ

নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে নিহত লোকমান হোসেনের ভাই মো. কামরুজ্জামানকে সমর্থন দিতে যাচ্ছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

নরসিংদী, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে নিহত লোকমান হোসেনের ভাই মো. কামরুজ্জামানকে সমর্থন দিতে যাচ্ছে আওয়ামী লীগ। নরসিংদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া মঙ্গলবার একথা জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী মেয়র লোকমানের ভাই কামরুজ্জামানকে নরসিংদী পৌর উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” খুব শিগগিরই আওয়ামী লীগের পক্ষ থেকে কামরুজ্জামানকে সমর্থনের কথা ঘোষণা করা হবে বলে জানান মতিন। লোকমানের ছোট ভাই কামরুজ্জামান নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। লোকমান ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় কামরুজ্জামান বাদি হয়েই মামলা করেছেন। ওই মামলার অন্যতম আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াও মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে স্বাক্ষরে অমিল থাকায় মোস্তাজের মনোনয়নপত্র মঙ্গলবার বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়া, খেলাপী ঋণের কারণে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান ও শহর আওয়ামী লীগের সদস্য শিল্পপতি আমজাদ হোসেন ভূইয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা আবদুল ওয়াদুদ। তিনি একইসঙ্গে বলেন, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তারা তিন কার্য দিবসের মধ্যে আপিলের সুযোগ পাবেন। মেয়র লোকমান মারা যাওয়ায় শূন্য নরসিংদী পৌরসভার মেয়র পদে আগামী ১৯ জানুয়ারি ভোটগ্রহণ হবে। গত ২২ ডিসেম্বর মেয়র পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তিন জনের প্রার্থিতা বাতিল হওয়ায় এখন টিকে আছেন ৯ জন। কামরুজ্জামান ছাড়া অন্যরা হলেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকা, সাবেক ফুটবলার ও আওয়ামী লীগ নেতা সুভাষ সাহা, সুইডেন শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ সমর্থক অ্যাডভোকেট আরিফুল ইসলাম, আওয়ামী লীগ সমর্থক আফজাল হোসেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, প্রয়াত সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ এছাকের ছেলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোছাব্বির আহমেদ নাসির ও জেলা বিএনপির সদস্য সারোয়ার খাঁন। গত ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে পৌর মেয়র লোকমান হোসেন নিহত হলে নির্বাচন কমিশন মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৯৫৮ ঘ.