২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদিয়া হত্যামামলায় স্বামীর জামিন

বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন্নাহার নাদিয়া (৩২) হত্যামামলায় তার স্বামীকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন্নাহার নাদিয়া (৩২) হত্যামামলায় তার স্বামীকে জামিন দিয়েছে আদালত। নাদিয়ার স্বামী শিকদার শফিকুর রহমান ওরফে রেজাউল ওরফে রাজার (৩৮) আবেদনে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক এস এম আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন। গত ১৭ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অপর আসামিরা হলেন নাদিয়ার শাশুড়ি নূরজাহান বেগম (৬২), দেবর শিকদার সাইফুর রহমান সোহেল (২৬)। এদের মধ্যে নূরজাহান বেগম জামিনে রয়েছেন। সোহেল পলাতক। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের আইনজীবী রায়হান মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় আসামি পক্ষের লোকজন অনেক আগে থেকেই বাদি পক্ষকে হুমকি দিয়ে আসছে। এখন কারাগার থেকে বেরিয়েই রেজাঊল বাদির ওপর সরাসরি হামলা চালাবে। এ জামিনের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।” তিনি এ মামলায় বাদির ব্যক্তিগত আইনজীবী হিসাবে কাজ করছেন। গত ২৪ এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় একটি প্রাইভেটকার থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইনিভার্সিটির ছাত্রী নাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নাদিয়ার ছোট ভাই শরীফ আহমেদ শাহরিয়ার সিরাজী সুজন হাজারীবাগ থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, নাদিয়ার নামে তার বাবার দেওয়া সম্পত্তি স্বামী রেজাউলের নামে লিখে না দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। “রেজাউল প্রায়ই নাদিয়াকে নির্যাতন করতো। ২৪ এপ্রিল সকাল ১০টার পর বোন ও দুলাভাইয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখঁজির পর শাহবাগ শিশু পার্কের গেটে দুলাভাই রেজাউলের প্রাইভেটকারের মধ্যে নাদিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়।” পুলিশের সাহায্যে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মাথায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/আরএ/১৯৪৬ ঘ.