২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি ক্যাম্পাসে বাসচাপায় ছাত্র নিহত

খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে চাপা পড়ে মঙ্গলবার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে অগ্নিসংযোগ এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

খুলনা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে চাপা পড়ে মঙ্গলবার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে অগ্নিসংযোগ এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা। নিহত ছাত্রের নাম এনামুল হক (২২)। তিনি ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। দুর্ঘটনা তদন্তে অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে তিন দিন শোক পালন, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। মঙ্গলবার রাতে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এসএম আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। বাসচালক রেজাউল মোড়লকে আসামি করে রাতেই বটিয়াঘাটা থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অ্যধাপক ড. আব্দুল মান্নান। রেজাউল ও তার সহকারী জাহাঙ্গীর হোসেনকে ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করে। বটিয়াঘাটা থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলাতক রেজাউলকে গ্রেপ্তারে সন্ধ্যায়ই অভিযান শুরু করে পুলিশ। ‘ বাসে উঠতে গিয়ে পড়ে যান এনামুল’ ওসি বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চলন্ত বাসে উঠতে গিয়ে পড়ে যান এনামুল হক। এরপর বাসের চাকা তার মাথাসহ শরীর পিষ্ট করে যায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনের তিন মাথার সড়ক মোহনায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাতটি বাস ভাংচুর এবং আরো একটিতে অগ্নিসংযোগ করে। এছাড়া তারা ক্যাম্পাসের মধ্যে একটি এবং ক্যাম্পাসের মূল ফটকের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আরো একটি মটরসাইকেলে পুড়িয়ে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, নিয়ম অনুযায়ী বাস থামিয়ে শিক্ষার্থীদের ওঠানোর নিয়ম মানে না বাস চালক ও হেল্পাররা। তারা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দুইটি গবেষণাগার ও ক্যাম্পাসের মধ্যে অবস্থিত পুলিশ ফাঁড়িতে ভাংচুর চালায়। বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তার স্বার্থে রাতে পুলিশ ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রাখবে।” ‘ পড়তে পাঠিয়ে কী লাভ হলো’ শেখ জালাল উদ্দিনের ছেলে এনামুল বাবা-মার সঙ্গে খুলনা নগরীর পশ্চিম বানিয়া খামারের বিহারী কলোনিতে থাকতেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। জালাল বলেন, “বাইরে এ দুর্ঘটনা হলে দুঃখ ছিলো না। ঘটনা ঘটেছে ক্যাম্পাসের ভেতর। তাহলে আর ছেলেকে পড়াতে পাঠিয়ে কী লাভ হলো।” মঙ্গলবার রাত পৌঁনে ৮টায় বিশ্ববিদ্যালয়ে, সাড়ে ৮টায় বানিয়া খামার জামে মসজিদে নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে, দুর্ঘটনার পর পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া দৈনিক সমকালের খুলনা অফিসের ফটো সাংবাদিক মো. জাহিদুল ইসলামকে বেধড়ক মারপিট করে বিক্ষুব্ধ ছাত্ররা। সেসময় সময় টিভির খুলনা ব্যুরো প্রধান তরিকুল ইসলাম, ক্যামেরাম্যান নিয়ামুল হোসেন কচি, দৈনিক পূর্বাঞ্চলের বঠিযাঘাটা প্রতিনিধি প্রতাপ চন্দ্র ঘোষ, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল ও দক্ষিণাঞ্চল প্রতিদিনের ফটো সাংবাদিক আব্দুল মালেক লাঞ্ছিত হন। সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রকাশ করে হামলকারীদের শাস্তিও দাবি করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০০৫ ঘ.