ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর, সিরাজগঞ্জ ও নওগাঁয় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে।
মেহেরপুরে ট্রাক ও নছিমনের সংঘর্ষে দুজন, নওগাঁয় ট্রাকের ধাক্কায় দুজন এবং সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় এক জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মেহেরপুর প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টায় মেহেরপুর-গাংনী সড়কে কাথুলীর উজলপুর সাহাজীপাড়া মোড়ে একটি ট্রাক যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
নিহতরা হলেন- গাংনী উপজেলার কাথুলী গ্রামের মোশারফ হোসেনের ছেলে লিটন এবং সদর উপজেলার মনোহরপুর গ্রামের বাহাউদ্দিনের ছেলে সাবেদুল।
সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিলো। হেলপার মহসিন আলীসহ ট্রাকটি আটক করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, সাপাহার উপজেলার নিশ্চিন্তপুুর-দিঘিরহাট সড়কে নিশ্চিন্তপুর বাজারের কাছে সকালে ট্রাকের ধাক্কায় রিকশাযাত্রী মো. সফি উদ্দীন ওরফে ছাপির (৭০) ও মো. আশিফ আলী (১২) নিহত হন।
শফিউদ্দিন নিশ্চিতপুর গ্রামের মৃত চেকরা মণ্ডলের ছেলে এবং আশিক একই গ্রামের এনামুল হকের ছেলে বলে সাপাহার থানার ওসি আবদুল¬াহ আল মাসউদ চৌধুরী জানান।
দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকসহ চালককে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রেখে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বেলকুচিতে ট্রাকের ধাক্কায় শামসুন্নাহার বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে একটি যাত্রীবাহী রিকশাভ্যান উল্লাপাড়া যাওয়ার পথে বেলকুচি-উল্লাপাড়া সড়কের সগুনা নামকস্থানে পৌঁছলে বিপরীতমুখী ট্রাকটি একে ধাক্কা দেয়। এতে ভ্যান আরোহী শামসুন্নাহার ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় ভ্যানে থাকা অন্য দুজন আহত হন। তাদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৮২২ ঘ.
bdnews24