ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে মঙ্গলবার একজনকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
নিহতের নাম মো. রুবেল হোসেন (২৪)। তার সঙ্গে থাকা দুজনের একজন মো. নাসির (৩৭) গুলিতে আহত হন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ‘ইকবাল এন্টার প্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের তিন কর্মী ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় পুরান ঢাকার নর্থসাউথ রোডে এ ঘটনা ঘটে।
তারা নাজিরাবাজারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ফিরছিলেন।
ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শাহীন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তারা নর্থসাউথ রোডের যমুনা ব্যাংক শাখা থেকে ১০ লাখ টাকা তুলে পায়ে হেঁটে নাজিরাবাজার ফিরছিলেন। এ সময় টাকার ব্যাগটি রুবেলের হাতে ছিল।
তিনি বলেন, “ভিতরের গলি থেকে পায়ে হেঁটে ৬/৭ জন যুবক এসে আমাদের পথরোধ করে টাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রুবেল ও নাসির বাধা দিলে তাদের দুটি গুলি করে টাকা ব্যাগ নিয়ে সন্ত্রাসীরা গলিতে ঢুকে পড়ে।”
বিকাল সাড়ে ৪টার দিকে তাদের দুইজনকে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুবেলের বুকে ডান পাশে একটি গুলি লাগে। নাসির কোমড়ে গুলিতে আহত হন।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রয়েছে।
সোমবারও রাজধানী কাকরাইলে এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে ফাঁকা গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৭২৭ ঘ.
bdnews24