২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেহাল সড়কে বিক্ষোভ, অবরুদ্ধ সাংসদ শোভা

নীলফামারী-ডোমার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনের সময় ওই পথ অতিক্রমকালে এলাকাবাসীর তোপে পড়েছেন সংসদ সদস্য ড. হামিদা বানু শোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

নীলফামারী, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী-ডোমার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনের সময় ওই পথ অতিক্রমকালে এলাকাবাসীর তোপে পড়েছেন সংসদ সদস্য ড. হামিদা বানু শোভা। মঙ্গলবার সকালে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের সময় জনতা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শোভাকে অবরুদ্ধ করে। পরে সড়ক মেরামতের আশ্বাস দিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপে ছাড়া পান তিনি। সড়ক সংস্কারের দাবিতে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নীলফামারী জেলা সদরের গাছবাড়ি এলাকা থেকে ডোমার উপজেলার জিরো পয়েন্ট পর্যন্ত ২২ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকে। স্থানীয়দের অভিযোগ, শোভার বাড়ি ডোমারে হলেও সড়ক সংস্কারের বিষয়টি জাতীয় সংসদে না তুলে তিনি ঔদাসীন্য দেখাচ্ছেন। এই অভিযোগ তুলে ঢাকাগামী শোভার গাড়ি আটকে দেন তারা। তবে কিছু সময় পরই তা ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, সড়ক সংস্কার না হওয়ায় গত সাড়ে তিন বছর ধরে নীলফামারী-ডোমার সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নারী-পুরুষ, শিশু, স্কুল কলেজের শিক্ষার্থী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এ মানববন্ধনে বক্তারা বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরী, চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, জেলা মটর মালিক সমিতির সভাপতি শাহাজাহান চৌধুরী বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৭২৩ ঘ.