২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিতে অবসরের বয়স ৫৯ বছর হলো

অবসরের বয়স দুই বছর বাড়ানোর অধ্যাদেশ জারি করেছে সরকার এবং সোমবার থেকেই তা কার্যকর হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া এ প্রস্তাবে সোমবার রাষ্ট্রপতি সই করার পর তা অধ্যাদেশ হিসেবে জারি করা হয়েছে। সোমবারের আগে অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া কর্মকর্তা ও কর্মচারীরা নতুন আইনের সুবিধা পাচ্ছেন না। তবে এদিন থেকে যাদের পিআরএলে যাওয়ার কথা তাদের চাকরির সময়সীমা আরো দুবছর বাড়ছে। অধ্যাদেশ জারির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সোবহান সিকদার। আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ জারি করলেও তা বাস্তবায়ন হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে। বর্তমানে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা ৫৭ বছর। মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদনের দিন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেছিলেন, “চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়টি অত্যন্ত জরুরি বলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি কার্যকর হবে।” ‘দি পাবলিক সার্ভিস (রিটায়ারমেন্ট) অ্যাক্ট-১৯৭৪’ সংশোধনে অনুমোদিত প্রস্তাবটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানোর পর এ অধ্যাদেশ জারি হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০৩৭ ঘ.