মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহজনক যে কোনো আর্থিক লেনদেন তদন্ত এবং ব্যাংক হিসাব স্থগিত রাখার ক্ষমতা রেখে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১১’র খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি নীতিগত অনুমোদন পায় ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১১’র খসড়া।
সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ এবং এই ধরনের ধ্বংসাত্মক কাজে অর্থায়ন প্রতিরোধেই ‘সন্ত্রাসবিরোধী আইন-২০১১’-এ সংশোধন আনা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসচিব আবুল কালাম আজাদ।
এই আইনে জঙ্গি ও সন্ত্রাসী কাজে অর্থের জোগান দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তির প্রস্তাব করা হয়েছে।
এছাড়া অপরাধের ধরন অনুযায়ী যাবজ্জীবনসহ অনূর্ধ্ব ২০ বছর এবং ন্যূনতম তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড বা অতিরিক্ত অর্থদণ্ডের (ন্যূনতম ১০ লাখ টাকা পর্যন্ত) প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা ‘সন্ত্রাসবিরোধী আইনে’র খসড়াটি এর আগে ১১ জুলাই মন্ত্রিসভায় উপস্থাপন হলে নীতিগত অনুমোদন দেওয়া হয়। তবে ওই বৈঠকে আইনটির কিছু ধারা সংযোজন-বিয়োজন করার পরামর্শও দেওয়া হয়।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনটির কিছু ধারা সংযোজন-বিয়োজন করে যাচাই-বাছাই শেষে আইন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
জাতীয় সংসদের আগামী অধিবেশনে সংশোধিত আইনটি পাসের জন্য উপস্থাপন করা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংশোধিত আইন অনুযায়ী সরকার ব্যাংক ছাড়াও এনজিওসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক যে কোনো আর্থিক লেনদেন তদন্ত করতে পারবে। ওইসব প্রতিষ্ঠানও সরকারকে এ সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে বাধ্য থাকবে।
বর্তমান সন্ত্রাস বিরোধী আইনে শুধু ব্যাংকের আর্থিক লেনদেন তদন্ত করার ক্ষমতা ছিলো সরকারের। ২০০৯ সালে এই সন্ত্রাসবিরোধী আইনটি প্রণয়ন করে সরকার।
সংশোধিত আইন অনুযায়ী, বিদেশের কোনো ব্যাংকে অর্থ পাচার হলে একই ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক সেখান থেকে তথ্য আনতে পারবে। সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক গোয়েন্দা (ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স) ইউনিটের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে তথ্য আদান প্রদানও করতে পারবে।
নতুন আইনে সন্দেহজনক যে কোনো লেনদেনের হিসাব (অ্যাকাউন্ট) ৩০ দিন করে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত স্থগিত রাখার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে।
দেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করতে কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণের উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে কোনো বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার কিংবা নিজ দখলে রাখার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি, সন্ত্রাসী কাজে অর্থের লেনদেন ও প্ররোচনার মতো অপরাধ এই আইনের আওতায় পড়ে।
আইনের সংশোধনীতে বলা হয়েছে, আন্তঃপারস্পরিক সম্মতি ছাড়া এ আইনে অভিযুক্ত কোনো বাংলাদেশি নাগরিককে অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না।
তবে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা দিয়ে অপরাধ করলে অথবা বাংলাদেশে বসে অন্য রাষ্ট্রের নিরাপত্তা বিঘিœত করার মতো অপরাধে জড়িত থাকলে এই আইনের আওতায় তাকে বিচারের মুখোমুখি করা হবে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
বৈঠকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক’র (রাকাব) অধীনে শেষ হওয়া ‘রাকাব স্মল এন্টারপ্রাইজ ক্রেডিট প্রোগ্রাম (রাকাব এসইসিপি)’ প্রকল্পকে প্রতিষ্ঠানটির এক সহযোগী (সাবসিডিয়ারি) কোম্পানি গঠন, পাটনীতি-২০১১ এবং বেলারুশের সঙ্গে সামরিক-কারিগরি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে জানান প্রেসসচিব।
পাওয়ার অব অ্যাটর্নি আইন
অনিয়ম ও জালিয়াতিরোধে প্রস্তাবিত পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১১’র চূড়ান্ত অনুমোদন পাওয়া আইনের খসড়ায় ‘পাওয়ার অব অ্যাটর্নি (আম-মোক্তারনামা) প্রবর্তনের পর তিন মাসের মধ্যে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সাধারণভাবে তিন মাস পর পাওয়ার অব অ্যাটর্নি অকার্যকর হয়ে যাবে। তবে নিবন্ধিত হলে, তা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কার্যকর থাকবে। তবে ‘বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি’র জন্যও একটি নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকবে।
১৮৮২ সালে প্রবর্তিত পুরনো আইনটিকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান।
বর্তমান আইনে ‘কোনো ব্যক্তির পক্ষে কাজ করার জন্য আইনানুগ কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে দলিলের মাধ্যমে ক্ষমতা দেওয়াই হলো ‘পাওয়ার অব অ্যাটর্নি’।
অভিযোগ রয়েছে, আইনের দুর্বলতার সুযোগে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ দেখিয়ে তার সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে অজান্তেই। এই ধরনের অপরাধের পথ বন্ধ করতেই সরকারের আইন সংশোধনের উদ্যোগ।
প্রস্তাবিত আইনে ‘পাওয়ার অব অ্যাটর্নি’র সংজ্ঞা ও আইনের অর্থবহ বাস্তবায়নের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এতে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) ক্ষেত্রে ‘স্ট্যাম্প আইন’ ও ‘রেজিস্ট্রেশন আইনে’র অনুসরণীয় বিধিগুলো সুস্পষ্ট রয়েছে।
পাওয়ার অব অ্যাটর্নির ক্ষমতা: প্রস্তাবিত আইনে বলা হয়েছে, স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা অন্য কোনো বিষয়ে বিশেষ বা সাধারণ পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে কোনো ব্যক্তিকে তার পক্ষে কাজ করার ক্ষমতা দেওয়া যাবে।
বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে এবং এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তর, বিক্রয়, বিক্রয় চুক্তি সম্পাদন, ঋণ গ্রহণের বিপরীতে বন্ধকি দলিল সম্পাদন ও পণ্যমূল্যের বিনিময়ে ক্ষমতা অর্পণ করা যাবে।
সম্পদ ব্যবস্থাপনা, মামলা পরিচালনা, জমির রেকর্ডপত্র সংশোধন, জমির সীমানা নির্ধারণ, খাজনা প্রদান, নামজারি ও রক্ষণাবেক্ষণ, পরিসেবা গ্রহণ বা প্রদান এবং নৈমিত্তিক আর্থিক লেনদেনসহ এমন কোনো কাজ যা পাওয়ার অব অ্যাটর্নি-দাতা দৈনন্দিন কাজ হিসেবে সম্পাদন করেন, সে ক্ষেত্রে সাধারণ পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতা দেওয়া যাবে।
সংশোধিত আইনে পাওয়ার অব অ্যাটর্নির উদ্দেশ্য বা শর্ত ব্যাহত হয় বা কোনো পক্ষ ক্ষতির সম্মুখীন হয়, এমন পরিস্থিতিতে পাওয়ার অব অ্যাটর্নি-দাতা বা গ্রহিতাকে ৩০ দিনের মধ্যে নোটিস দিয়ে ক্ষমতা (পাওয়ার) প্রত্যাহার করার ক্ষমতা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮১০ ঘ.
bdnews24