শ্রদ্ধায় সিক্ত হলেন রাজ্জাক
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এর আগে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় দেশের রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
রাজ্জাকের মরদেহ লন্ডন থেকে রোববার দুপুরে ঢাকায় আনার পর জাতীয় সংসদ ভবন এবং জাতীয় ঈদগাঁ ময়দানে দুটি জানাজা শেষে মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
দীর্ঘদিন রোগে ভুগে গত শুক্রবার লন্ডনে মৃত্যু হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাকের। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার মরদেহ নেওয়া হয় গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর পর সাড়ে ৬টার দিকে মরদেহ নেওয়া হয় বারডেম হাসপাতালের হিমঘরে।
বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা ৭টায় রাজ্জাকের মরদেহ হিমঘরে রাখা হয়েছে।
সোমবার গ্রামের বাড়ি শরীয়তপুরে নেওয়ার আগ পর্যন্ত মরদেহ এখানেই রাখা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রয়াতের ছেলে নাহিন রাজ্জাক।
তিনি বলেন, মরদেহ সোমবার ১১টার দিকে শরীয়তপুরের ডামুড্ডায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। এরপর ঢাকায় ফিরিয়ে এনে বিকালে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
ওই এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়ে কখনো হারেননি এই আওয়ামী লীগ নেতা।
রোববার দুপুর সোয়া ১২টায় মরদেহ বিমান থেকে নামিয়ে সরাসরি নেওয়া হয় প্রয়াতের গুলশানের বাসায়। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানে রাজ্জাকের কফিন নিয়ে আসেন স্ত্রী ফরিদা রাজ্জাক, দুই ছেলেসহ পরিবারের সদস্যরা।
শহীদ মিনারে নেওয়ার আগে বিকাল ৪টায় জাতীয় ঈদগাঁয় জানাজায় রাজনৈতিক দলগুলোর নেতারাসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজা পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো. সালাহউদ্দিন।
এর আগে দুপুর ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা অংশ নেন।
দেশে আনার পর সংসদ প্রাঙ্গণেই রাজ্জাকের প্রথম জানাজা হয়। এর আগে শনিবার লন্ডনে একটি জানাজা হয়েছিলো।
সংসদ ভবনে জানাজার পর পুলিশের একটি দল মুক্তিযুদ্ধের এই সংগঠকের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
চট্টগ্রামে গায়েবানা জানাজা
রোববার দুপুরে চট্টগ্রামে আব্দুর রাজ্জাকের গায়েবানা জানাজা করে আওয়ামী লীগ।
নগরীর লালদীঘি ময়দানে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের অংশগ্রহণে এ জানাজা হয়।
জানাজায় চট্টগ্রামের রাজনৈতিক নেতারা, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক সাধারণ মানুষও জানাজায় অংশ নেন।
