শরীয়তপুর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় শিশুর মৃত্যুর জেরে হামলার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
রোববার সকালে এ ঘটনায় এলাকাবাসী কয়েকজন শ্রমিককে মারধর করে বলেও অভিযোগ করা হয়।
এলাকাবাসী জানায়, বাস চলাচল বন্ধ থাকায় শত শত বাস যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার জানান, সকালে শরীয়তপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস জাজিরা ডিগ্রি কলেজের সামনে গেলে সাব্বির (৪) নামে এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।
এরপর এলাকাবাসী ওই বাসটিসহ তিনটি গাড়ি ভাংচুর এবং শ্রমিকদের মারধর করে।
এতে শ্রমিক নেতা আলী আশরাফ মুন্সী, আবদুর রব ও মো. শামীম আহত হন, বলেন তিনি।
শ্রমিক নেতা আরো বলেন, এর জেরে জাজিরার উপর দিয়ে চলাচলকারী সব যানবাহন বন্ধ করে দেওয়া হয়।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এলিম পাহার বলেন, নিহত শিশুর ব্যাপারে কথা বলতে বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে জাজিরার এনামুল মাস্টার, মোসারফ বেপারী ও বারেক মিয়ার নেতৃত্বে এলাকাবাসী গাড়ি ভাংচুর করে।
এনামুল মাস্টার বলেন, স্থানীয়রা ও প্রশাসনের লোকজন শ্রকিদের সঙ্গে মীমাংসার জন্য বসলে আমি গাড়ির মালিকের নাম জানতে চাই। কিন্তু তারা তা না জানিয়ে বৈঠক থেকে চলে যায়।
জাজিরা থানার ওসি এনায়েত হোসেন বলেন, শিশুর মৃতুর ঘটনায় উত্তেজিত জনতা একটি গাড়ি ভাংচুর করেছে। যানবাহন চলাচল শুরুর চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24