ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় যৌতুকের কারণে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে খ/২৫ দক্ষিণ বাড্ডায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাবিনা বেগম (২৬)।
সাবিনার স্বজনদের অভিযোগ, যৌতুকের কারণে সাবিনাকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী গাড়িচালক আবদুল হালিম।
সাবিনার ভাই মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সাবিনাকে নির্যাতন করতো হালিম। শুক্রবার নির্যাতনের এক পর্যায়ে সাবিনার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় হালিম। সেখানে চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।
সাবিনার দুই সন্তান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯৩৬ ঘ.
bdnews24