২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে তিন ছাত্র সংগঠনের সংঘর্ষ, আহত ২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ, জাসদ (ইনু) ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর সমর্থকদের সংঘর্ষে দুই নেতা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ, জাসদ (ইনু) ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর সমর্থকদের সংঘর্ষে দুই নেতা আহত হয়েছেন। শনিবার দুপুরে প্রশাসন ভবন এলাকায় মুক্ত বাংলার সামনে এ সংঘর্ষ হয়। এ সময় দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান পটলা ও ছাত্রমৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তাদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে সাইফুজ্জামান পটলা ও মেহেদী হাসানসহ আরো কয়েকজনের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা পটলাকে ছুরিকাঘাত করে। ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান তুহিন বলেন, “পটলা ও মেহেদীসহ কয়েকজন আমাদের নেতাকর্মীদের নিয়ে কটুক্তি ও বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালালে আমরা প্রতিহত করি।” সাইফুজ্জামান পটলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুল আরফিন বলেন, “এটা একটা অনাকাঙ্খিত ঘটনা। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৩ ঘ.