বেনাপোল, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন।
শুক্রবার রাতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- ঝিকরগাছা থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক কামরুল ইসলাম এবং বেনাপোলের কাগজপুকুর গ্রামের মোহর আলী মোড়লের ছেলে সিদ্দিক হোসেন।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সজিব দত্ত জানান, শার্শা থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সিদ্দিক দম্পতি। পথে যশোরমুখী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই ভ্যানচালক কামরুলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সিদ্দিক ও তার স্ত্রী রাবেয়া খাতুনকে যশোর কুইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক মারা যায় ।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬১৩ ঘ.
bdnews24