ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বর্ষের কয়েকজন ছাত্রকে শারীরিক ও মানসিক নির্যাতন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে তিন মাসের জন্য বহিষ্কার করেছে সিন্ডিকেট।
শনিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্র।
এরা হলেন- ৩৯তম ব্যাচের মওলানা ভাসানী হলের ভূঁইয়া মো. আশিকুর রহমান, আল-বেরুনী হলের মহিদুর রহমান, মীর মশাররফ হোসেন হলের মো. মুদাচ্ছির হাসান এবং ৪০তম ব্যাচের শহীদ রফিক জব্বার হলের মো. রুহুল মাহবুব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই চার জনকে তিন মাসের জন্য সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্ত ‘অবিলম্বে’ কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১৫৫২ ঘ.
bdnews24