কুমিল্লা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বাগমারায় বাস ও ট্রাকের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চার জন।
লালমাই হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী সড়কের দক্ষিণ সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ভোর সোয়া ৪টার দিকে সৈয়দপুর এলাকায় বিকল হয়ে থাকা ঢাকাগামী বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী আল আরাফা পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ বাসযাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত ৫ জনকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লাকসাম হাসপাতালে ভর্তি করার পর সকালে মারা যায় আরেকজন।
নিহতরা হলেন- চাটখিলের নোয়াপাড়ার নুরু মিয়ার ছেলে আবদুল হাই (৫৫), বেগমগঞ্জের এখলাসপুরের রফিক উল্লাহর ছেলে কবির আহমেদ (৩৫), রামগঞ্জের সোনাপুরের সফি উল্লাহের ছেলে মামুন এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর এলাকার শহর আলীর ছেলে আখতারুজ্জামান অভি (৩২)।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। আহতরা বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স ও লাকসাম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করেছে।
এসআই লুৎফর বলেন, “বাস চালক কুয়াশার কারণে থেমে থাকা ট্রাকটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে আমাদের ধারণা। ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৭ ঘ
bdnews24