চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের অভুক্ত রেখে উৎপাদন বাড়ানো সম্ভব নয়-মন্তব্য করে রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মহাজোট সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন একথা বলেন।
এই সংসদ সদস্য বলেন, “জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার পূর্বশর্ত শ্রমিকদের সন্তুষ্ট রাখা। তাদের অভুক্ত ও বঞ্চিত রেখে উৎপাদন বাড়ানো সম্ভব নয়।”
শ্রমিকদের জীবনমানের উন্নয়নে দ্রুতই শ্রম আইন সংশোধনের কাজ চূড়ান্ত করার আহ্বান জানিয়ে মেনন বলেন, নিত্যপণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
মুক্তিযুদ্ধে শ্রমিকদের অসামান্য অবদানের কথা স্মরণ করে মেনন বলেন, “দেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনগণকে সংগঠিত রাখতে শ্রমিকদেরও সম্পৃক্ত করতে হবে।”
চিটাগাং কেমিক্যাল কমপে¬ক্স, সিজিএমসিএলসহ সারাদেশের বন্ধ সব শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি জানান তিনি।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ’র চট্টগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক কামরুল আহসান, জাতীয় গার্মেন্টস ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আমিরুল হক আমিন, ফেডারেশনের চট্টগ্রাম জেলার কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদ মিনার সংলগ্ন নগরীর স্টুডিও থিয়েটারে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/০০৩২ ঘ.
bdnews24