ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। শোক জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলীও।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজ্জাক শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেছেন, ছাত্রজীবনের শুরু থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে তার অবদান অবিস্মরণীয়। ভাত ও ভোটের লড়াইসহ গণতান্ত্রিক সব সংগ্রামে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
“তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের এক ত্যাগী সৈনিক, বিদগ্ধ রাজনীতিবিদ, তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো,” বলেছেন প্রধানমন্ত্রী।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শোকবার্তায় বলেছেন, “মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দেশমাতৃকার মুক্তির জন্য তিনি যে অবদান রেখেছেন, তা জাতি কোনো দিন ভুলবে না। বর্ণাঢ্য জীবনে আব্দুর রাজ্জাক দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।”
স্পিকার আবদুল হামিদ শোকবার্তায় বলেন, আইয়ুববিরোধী আন্দোলন, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছিলেন রাজ্জাক। তার অনন্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ডেপুটি স্পিকার শওকত আলী শোকবার্তায় বলেছেন, এই নেতার মৃত্যু জাতির জন্য এক অপুরণীয় ক্ষতি। এ ক্ষতি কোনভাবেই পূরণ হওয়ার নয়।
এছাড়া মন্ত্রিসভার সদস্যরাও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তারা সবাই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএম/এমআই/২২৪০ ঘ.
bdnews24