ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের অন্য সদস্যদের নিয়োগে একটি পদ্ধতি অবলম্বনের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবি’র এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, এ সংক্রান্ত একটি সুপারিশ নীতিমালা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
সরকারি ও বিরোধী দলের সদস্য এবং স্পিকারকে নিয়ে পাঁচ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রস্তাবিত এই কমিটি সম্ভাব্য নামের তালিকা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে। সম্ভাব্য প্রার্থীদের এই তালিকা গণমাধ্যমেও প্রকাশ করা হবে। বিশেষ একটি সংসদীয় কমিটি প্রার্থীদের সম্পর্কে গণশুনানি বা পাবলিক হিয়ারিংয়ের ব্যবস্থা করবে।
“গণশুনানি ও কমিটির পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সংসদীয় কমিটি একটি সংক্ষিপ্ত তালিকা গণমাধ্যমে প্রকাশ ও রাষ্ট্রপতির কাছে তুলে ধরবে। রাষ্ট্রপতি সরকার প্রধান বা অন্য কারো সঙ্গে পরামর্শ ছাড়াই প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।”
কমিশনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পূর্ণাঙ্গ ও সুষ্পষ্ট নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন প্রয়োজন বলে টিআইবির পক্ষ থেকে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইটি/এএইচ/পিডি/২৩১৯ ঘ.
bdnews24