নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাগানবাড়ি এলাকা থেকে মোহাম্মদ রহিম নামের ওই যুবকের লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বন্ধু এনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রহিমের বাবা মোহাম্মদ রশিদ মিয়ার অভিযোগ তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার রহিম ও তার বন্ধু এনুসহ কয়েকজন রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় অবস্থিত কেবিএন ইটভাটার পুকুরে মাছ ধরতে যায়।
“মাছ ধরা শেষে ওই দিন বিকেলে এনুসহ অন্যরা ফিরে এলেও রহিম থেকে যায়। এরপর থেকে রহিম নিখোঁজ বলে তার পরিবারের লোকজন জানায়,” বলেন তিনি।
বৃহস্পতিবার সকালে কেবিএন ইটভাটার পুকুরে রহিমের লাশ ভেসে উঠলে আশপাশের লোকজন এনুকে খবর দেয়।
আওলাদ হোসেন বলেন, “এনুসহ অন্যরা পুলিশকে না জানিয়েই রহিমের লাশ সিএনজি অটোরিকশাযোগে সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি এলাকায় তার (রহিম) বাড়িতে নিয়ে আসে। বিষয়টি রহিমের পরিবার ও এলাকার লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২২০৪ ঘ.
bdnews24