২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের পরিবহন ধর্মঘট স্থগিত

৪৮ ঘণ্টা ধর্মঘট ডাকলেও প্রশাসনের আশ্বাসে ১২ ঘণ্টার মধ্যেই তা স্থগিত করেছে রংপুরের আট জেলার পরিবহন শ্রমিকরা, শুরু হয়েছে বাস চলাচল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

রংপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুক্রবার সন্ধা ৬টা থেকে স্থগিত করা হয়েছে। এ ঘোষণার পর আবার গাড়ি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক শ্রমিক নেতাসহ ৩০ জন আহত হওয়ার পর রংপুর বিভাগীয় মোটর শ্রমিক সমিতি শুক্রবার সকাল থেকে এই ধর্মঘট ডাকে। রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আকতার হোসেন বাদল শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খানের সঙ্গে আলোচনার পর কর্মসূচি স্থগিত করা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় আহত মটর শ্রমিক নেতা মজিদসহ অন্য শ্রমিক নেতাদের ওপর হামলা ও যানবাহনে অগ্নি সংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে বাদল জানান। রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ধর্মঘট স্থগিতের পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৯৩০ ঘ.