চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চন্দনাইশ থানা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ছয়জন।
বৃহস্পতিবার বাগিচাহাটের বাইন্যাপুকুরঘাট এলাকায় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন অটোরিকশার চালক আব্দুল আলিম (২৭), নেছার উদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা একজন (৪০)।
চন্দনাইশ থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাগিচাহাটে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেকজন।
দোহাজারি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) খোকন মিয়া জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসের চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫৩৫ ঘ.
bdnews24