চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলি থানাধীন জেলেপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে উদ্ধারের পর বুধবার সকালে গাড়িটি পাহাড়তলি থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির উদ্দিন মামুন (২৮) ও ইমরান হাসেন (২১)।
উদ্ধার হওয়া টয়োটা কোম্পানির এলিয়েন মডেলের গাড়িটির মালিক ভেলুয়ার দীঘির পাড় এলাকার ব্যবসায়ী ইসমত উল¬াহ সাজ্জাদ।
পাহাড়তলি থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ফারুক আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাড়িটি নিয়ে সাজ্জাদের ভাই ওবায়েদ উল্ল¬াহ হীরা ও গাড়ির চালক জেলেপাড়া এলাকায় যান।
এর কিছুক্ষণ পর আরেকটি এলিয়েন গাড়িতে চড়ে চার ব্যক্তি ওই স্থানে আসেন। তারা ছুরির ভয় দেখিয়ে গাড়িতে থাকা দুই জনকে জেলেপাড়া সংলগ্ন টোল রোডে ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরই মামলা করেন গাড়ির মালিক সাজ্জাদ। পরে দাউদকান্দি টোল বক্সে কর্তব্যরত পুলিশ সদস্যরা গাড়িটি আটক করে। গ্রেপ্তার করা হয় দুই জনকে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, কয়েক হাজার টাকার বিনিময়ে তারা গাড়িটি ঢাকা পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিলো। গাড়ি ছিনতাইয়ের সঙ্গে তারা সম্পৃক্ত নয়।
ঘটনার তদন্ত চলছে জানিয়ে এসআই ফারুক বলেন, শিগগিরই ছিনিতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৭২৩ ঘ.
bdnews24