ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইসহাক (৫০) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন বুধবার দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মামলার পাঁচ আসামির মধ্যে আবদুর রহিম সরদার (৪৩), মো. কাজী বায়েজিদ (৪২), মুরাদ হোসেন (৪৫) ও ইকরাম ওরফে মাসুদকে (৪৫) ফাঁসির আদেশ দেন বিচারক।
এছাড়া মো. নাজিম উদ্দিনকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত রহিম, বায়েজিদ ও নাজিম কান্নায় ভেঙে পড়েন। বাকি দুই জন পুলিশের খাতায় পলাতক রয়েছেন।
মামলার বাদী ও নিহত ইসহাকের ছোট ভাই মো. শোয়াইব এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
গত ২৯ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় একটি বাসার চার তলা থেকে শেকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মাওলানা ইসহাকের লাশ উদ্ধার করা হয়। পরদিন রমনা থানায় হত্যা মামলা করেন মো. শোয়াইব।
মামলার অভিযোগে বলা হয়, ইসহাকের আত্মীয় ইলিয়াস মোল্লা চট্টগ্রামে তার লবণের কারখানা অন্য এক আত্মীয় আবদুর রহিমের কাছে বিক্রি করেন। মূল্য পরিশোধ সত্ত্বেও ইলিয়াস কারখানা রেজিস্ট্রেশন করে না দিলে এতে আপোষের চেষ্টা করেন ইসহাক। তিনি নিজেও রহিমের কাছ থেকে টাকা পেতেন। মধ্যস্থতা ও পাওনা নিয়ে গণ্ডগোলের জের ধরে মাওলানা ইসহাককে অপহরণের পর খুন করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. শহিদুল্লাহ গত ৯ এপ্রিল পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
মামলার তদন্ত চলাকালে আসামি বায়েজিদ ঘটনার সঙ্গে নিজের ও অন্য আসামিদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য ২১ ডিসেম্বর দিন রাখেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন মো. আমিনুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩১৯ ঘ.
bdnews24