ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত ১৮ ডিসেম্বরের বোমাবাজির জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হাসানুল হক ইনু।
মঙ্গলবার সকালে এই বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে মহাজোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, “আপনি (শেখ হাসিনা) একলা চলার নীতি পরিহার করুন। এটা একলা চলার সময় নয়।”
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারলে বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবারের বোমাবাজির জন্য খালেদা জিয়াকে দায়ী করে ইনু বলেন, “এই ঘটনার মধ্য দিয়ে খালেদা জিয়া বোমা এবং ককটেলবাজ হিসাবে আত্মপ্রকাশ করলেন।”
“আপনি (খালেদা জিয়া) আজ সবকিছু বাদ দিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য নেমেছেন। আপনি ১০ ট্রাক অস্ত্র মামলার আসামিদের পক্ষ নিলেন, ২১ আগস্টের বোমা হামলাকারীদের পক্ষ নিলেন,” বলেন তিনি।
সা¤প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন থেকে মঞ্চের সমন্বয়ক অজয় রায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য গোলাম আযমের গ্রেপ্তারের দাবি জানান।
যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরো শক্তিশালী করে বিচার প্রক্রিয়াকে দ্রুত করার দাবিও জানান তিনি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য আবু হামেদ সাহাবুদ্দিন, কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার, ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জল, জাসদ ছাত্রলীগের সভাপতি হুসাইন আহমেদ তাফসীর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২২৪৬ ঘ.
bdnews24