২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর যুদ্ধাপরাধ: তৃতীয় সাক্ষীর জেরা শুরু

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদারের সাক্ষ্য শেষে জেরা শুরু করেছেন সাঈদীর আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদারের সাক্ষ্য শেষে জেরা শুরু করেছেন সাঈদীর আইনজীবীরা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বক্তব্য উপস্থাপন শেষ করেন মিজানুর। এরপর সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম, কফিলউদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী একে একে তাকে জেরা করেন। বুধবারও তার জেরা চলবে। মিজানুল ইসলাম সাক্ষীর কাছে জানতে চান- তিনি ১৯৯২ সালে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণআদালতে সাঈদীর যুদ্ধাপরাধের ব্যাপারে কোনো অভিযোগ করেছিলেন কি না। জবাবে মিজানুর বলেন,“আমি কোনো অভিযোগ করিনি, তবে সে সময় সাঈদীর যুদ্ধাপরাধের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলাম।” ১৯৯৪ সালে যুদ্ধাপরাধের ব্যাপারে গণতদন্তের সময় কিংবা তার পরে এ মামলায় জবানবন্দি দেওয়ার আগে তিনি কোনো অভিযোগ করেছিলেন কি না জানতে চাইলে মিজানুর বলেন, তিনি মনে করতে পারছেন না। জেরার সময় সাঈদীকে বারবার ‘দেলোয়ার হোসেন শিকদার’ নামে সম্বোধন করছিলেন সাক্ষী মিজানুর। আইনজীবী কফিল উদ্দিন তাকে বলেন, “আপনি গতকালও সাঈদীকে ওই নামে সম্বোধন করেননি। আপনি কি আইনজীবিদের শেখানো কথা বলছেন?” জবাবে মিজানুর বলেন, “ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। এ কথা সত্য নয়।” এ সময় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু আসামির আইনজীবীদের এ ধরনের প্রশ্নের প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে কিছুটা বাক বিতণ্ডা হয়। পরে ট্রাইব্যুনাল প্রধান নিজামুল হক উভয় পক্ষকে সংযত আচরণ করতে বলেন। তবে কফিল সাক্ষীকে পিরোজপুর এলাকার কয়েকজন ‘রাজাকারের’ নাম জিজ্ঞাসা করলে এ নিয়ে আবারো দুপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ট্রাইব্যুনাল প্রধান নিজামুল হক এ সময় দুই পক্ষকে শান্ত হতে বলেন এবং কোনো ধরনের ‘সাইড টক’ করে আদালতের সময় নষ্ট না করার পরামর্শ দেন। এরপর জেরা শুরু করেন সাঈদীর আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারী। বুধবার সকালেও তিনি জেরা চালিয়ে যাবেন। ৫৭ বছর বয়সী মিজানুর গত সোমবার সাক্ষ্যের শুরুতে আদালতকে জানান, ১৯৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তিনি তখন পিরোজপুর শহরে ছিলেন। মে মাসের মাঝামাঝি সময়ে তিনি তার বড় ভাইয়ের সঙ্গে পালিয়ে পারেরহাটে চলে যান। সেখানে তিনি হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ হতে দেখেন, যার নেতৃত্বে ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নায়েবে আমীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচএ/জেকে/২১১৯ ঘ.