২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার অঞ্চলে ভাগ হচ্ছে বিজিবি

দুঃখজনক ইতিহাস ভুলে সীমান্তরক্ষী বাহিনীকে শক্তিশালী করার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কয়েকটি অঞ্চলে (রিজিওন) ভাগ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুঃখজনক ইতিহাস ভুলে সীমান্তরক্ষী বাহিনীকে শক্তিশালী করার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কয়েকটি অঞ্চলে (রিজিওন) ভাগ করা হচ্ছে। বিজিবির এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে পিলখানায় সাবেক ইস্ট পাকিস্তান রাইফেলস-ইপিআরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র“য়ারি ৫৭জন সেনা কর্মকর্তাসহ ৭৪জন নিহত হওয়ার ঘটনা ছিলো দুঃখজনক, নির্মম। সেদিন প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় রক্ষা হয়েছিল।” পিলখানায় সেই হত্যাকাণ্ডের বিচার চলছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “ইতোমধ্যে বিদ্রোহের বিচার শেষ পর্যায়ে। হত্যা-লুটপাটের বিচার চলছে, সুষ্ঠু বিচার করে দোষীদের অবশ্যই শাস্তি হবে।” বর্তমান সরকার বিজিবির অধুনিকায়নে আন্তরিক উল্লেখ করে তিনি জানান, সীমান্তরক্ষী বাহিনীকে কয়েকটি ‘রিজিওনে’ ভাগ করা এবং যানবাহন বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। অতীত ভুলে বিজিবিকে আরো শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তোলার জন্য অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের প্রতি আহবান জানান সাহারা। তিনি জানান, বিজিবি সদস্যদের জাতিসংঘ মিশনে পাঠানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন বক্তব্য দেওয়ার পর ৫৭জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয় এ অনুষ্ঠানে। বিজিবি সদর দফতরে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তৎকালিন ইপিআরের দুইজন বীরশ্রেষ্ঠ, আট জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৭ জন বীর প্রতীকসহ মোট ১১৯ জন বিভিন্ন খেতাব পেয়েছেন। এদের মধ্যে ৫৭ জনকে ঢাকায় এবং বাকিদের দেশের বিভিন্ন সেক্টরে সংবর্ধনা দেওয়া হয়। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সিপাহী শেখ মোক্তার আলি সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে অভিযোগ করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ যুদ্ধ শুরুর প্রথম দিন চুয়াডাঙ্গায় সিপাহী আশরাফ পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টন সাদেককে জাপটে ধরেছিলেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনেই মারা যান। কিন্তু সিপাহী আশরাফ খেতাব পাননি। চার ‘রিজিওন’ পিলখানায় বিডিআর সদরদফতরে বিদ্রোহ এবং রক্তাক্ত ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি করা হয় গত বছর ২০ ডিসেম্বর। এ জন্য আইনও সংশোধন করা হয়। সংশোধিত আইনে বিজিবিকে কয়েকটি ‘রিজিওনে’ ভাগ করার কথা বলা হয়েছে, যা মঙ্গলবারের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেও উঠে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবিকে চারটি রিজিওন বা অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে। উত্তর-পশ্চিম অঞ্চলের সদর দপ্তর নওগাঁয়, দক্ষিণ-পশ্চিম রিজিওনের সদর দপ্তর যশোরে, উত্তর-পূর্ব সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের সদর দপ্তর হবে চট্টগ্রামে। “বিষয়টি এখন শুধু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করছি আমরা।” চারটি রিজিওনের প্রধান থাকবেন রিজিওন কমান্ডার, যিনি হবেন একজন বিগ্রেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা। বর্তমানে ১২টি সেক্টরের মাধ্যমে বিজিবির কার্যক্রম পরিচালিত হয়। এর সঙ্গে নতুন করে আরো চারটি সেক্টর করার সিদ্ধান্ত হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। এই চার সেক্টর হবে শ্রীমঙ্গল, ঠাকুরগাঁও, বান্দবন ও বাঘাইছড়িতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৬২৩ ঘ.