ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর বিভিন্ন সমস্যা সমাধানে ডিটেইল্ড এরিয়া প্ল¬্যান (ড্যাপ)-এ কয়েকটি বিষয় সংশোধনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকা ডিটেইল্ড এরিয়া প্ল্যান: বাস্তবতা এবং প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় তারা এ পরামর্শ দেন।
আন্তর্জাতিক পরিবহন বিশেষজ্ঞ ও রুয়ান্ডার অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের পরিবহন বিষয়ক উপদেষ্টা মাহবুবুল বারী বলেন, ড্যাপের মধ্যে বিজ্ঞানসম্মত ও আধুনিক কোনো পদক্ষেপের উল্লেখ নেই।
তিনি বলেন, “এই পরিকল্পনা শুধু ধনীদের খুশি করার জন্য করা হয়েছে। ঢাকায় বসবাসকারী বস্তিবাসীদের স্থানান্তরের কথা বলা হলেও তাদের নতুন আবাসন কোথায় হবে, পরিকল্পনায় তা সুনির্দিষ্ট করা হয়নি।”
“পরিকল্পনায় যানজট নিরসনে ৪১টি ফ্লাইওভার এবং ৫টি আন্ডারপাস স্থাপনের কথা বলা হয়েছে। কিন্তু এগুলো স্থাপন করলেই যানজট নিরসন হবে না। এছাড়া অন্য আরো কিছু বিষয়েও সংশোধন আনতে হবে,” বলেন এই বিশেষজ্ঞ।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান ড্যাপ-এর ভালো দিকগুলো শিগগিরই বাস্তবায়নের দাবি জানান।
আবাসন ক্ষেত্রে ধনী দরিদ্রের বৈষম্য কমিয়ে মিশ্র এলাকা গড়ে তোলা, যাতায়াত ব্যবস্থায় হাঁটা ও গণপরিবহনের উন্নয়ন ও প্রাইভেটকার পার্কিংয়ের সুবিধা কমানোসহ ড্যাপ-এ আরো কয়েকটি বিষয়ে সংশোধন আনা প্রয়োজন বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে রাজউকের প্রধান পরিকল্পনাবিদ মো. জহুরুল হক জানান, ড্যাপ বাস্তবায়নে রাজউক অ্যাকশন প্ল্যান তৈরি করছে। আটটি জোন থেকে এ অ্যাকশন প্ল্যান ও প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে।
নগর পরিকল্পনাবিদ এ কে এম আবুল কালাম ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষের অনুপাতের ওপর ভিত্তি করে স্কুল, কলেজ, বাজার, স্বাস্থ্যসেবা, বিনোদনসহ অন্যান্য সুযোগ সুবিধা অল্প দূরত্বের মধ্যে নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডাব্লিউবিবি ট্রাস্ট এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় অন্যদের মধ্যে বিআইপি’র সহ-সভাপতি শওকত আলী খান, ডব্লিইবিবি ট্রাস্ট্রের পরিচালক মাহবুবুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রাসেল বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০৩০ ঘ.
bdnews24