বাগেরহাট, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাগেরহাটে এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা।
সোমবার দুপুরে মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজে এই ঘটনায় আহত হন ওই কলেজের ছাত্র আব্দুর রহিম (১৭)। তার বাড়ি উপজেলার গাড়ফা গ্রামে।
তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহিরাগত চার যুবক ক্যাম্পাসে এসে মেয়েদের উত্ত্যক্ত করলে আব্দুর রহিম তাদের বাধা দেন এবং ক্যাম্পাস ত্যাগ করতে বলেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওদের মধ্যে পরশ নামে এক যুবক বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে রহিমের মাথা ফেটে যায়।
মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24