২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিঘীনালা ও বাঘাইছড়িতে অর্ধদিবস অবরোধ

পাহাড়ি নারীকে হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙামাটির বাঘাইছড়িতে সোমবার শান্তিপূর্ণভাবে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি নারীকে হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙামাটির বাঘাইছড়িতে সোমবার শান্তিপূর্ণভাবে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন এ অবরোধ ডাকে। এক বাঙালি যুবক হত্যার জেরে গত ১৪ ডিসেম্বর খাগড়াছড়ির দিঘীনালার কবাখালীতে বাঙালিদের হামলায় নিহত হন চিগন মিলা চাকমা। অবরোধের সময় অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যান চলাচল করেনি। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) দিঘীনালা ও বাঘাইছড়ি ইউনিট প্রধান শান্তিদেব চাকমা শান্তিপূর্ণভাবে অবরোধ সফল করায় জনগণ ও সব যানবাহন মালিক সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের উচ্ছেদের লক্ষ্যে পরিকল্পিতভাবে পাহাড়িদের উপর হামলা চালানো হচ্ছে। তিনি চিগন মিলা চাকমার হত্যাকারী ও বাঘাইছড়িতে পাহাড়িদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও পাহাড়িদের উপর হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অজ্ঞাত ব্যক্তির হাতে আব্দুস সাত্তার নামে এক বাঙালি যুবক নিহত হওয়ার জেরে গত ১৪ ডিসেম্বর বাঙালিদের হামলায় চিগন মিলা চাকমা নিহত হন। ওই সময় বাঘাইছড়িতে পাহাড়িদের উপর হামলাও চালানো হয়। খাগড়াছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম জানান, দিঘীনালায় শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.