আগরতলা/ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থলবন্দরে পণ্য ওঠা-নামায় ডাম্পিং সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন ত্রিপুরার ব্যবসায়ী।
আখাউড়ার সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ডাম্পিং সুবিধার দাবিতে ত্রিপুরার ব্যবসায়ীরা সোমবার দুপুর থেকে ভারতীয় স্থল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। ফলে বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য আগরতলায় যাওয়া বন্ধ রয়েছে।”
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে রপ্তানি পণ্যবাহী প্রায় দুই শতাধিক ট্রাক আখাউড়া বন্দরে আটকা পড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আখাউড়া স্থলবন্দরের ল্যান্ড কাস্টমস কর্মকর্তা সুভাস চন্দ্র কুণ্ডু।
ত্রিপুরার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পরিমল ধর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগরতলা প্রতিনিধিকে বলেন, বাংলাদেশ থেকে যাওয়া পণ্য ভারতের আখাউড়া স্থলবন্দর এলাকায় নামানোর (ডাম্পিং) বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ত্রিপুরা রাজ্য সরকার।
“বাংলাদেশি ও ভারতীয় ট্রাকগুলোকে একটার পিছনে আরেকটা লাগিয়ে মালামাল স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার। ডাম্পিংয়ের জায়গা না দিলে বাণিজ্য বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”
ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার অ্যাসোসিয়েশন জানায়, ত্রিপুরা ক্ষুদ্র শিল্প কর্পোরেশন লিমিটেডের কাছ থেকে বন্দর এলাকার জমি ইজারা নেওয়ার সময় সেখানে পণ্য ওঠা-নামার জন্য জায়গা (ডাম্পিং এলাকা) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল দুই বছরের জন্য। সেই সময় পার হওয়ার আগেই ডাম্পিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮০১ ঘ.
bdnews24