ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়োগ্যাস সর্ম্পকে গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে তৃতীয় বারের মতো বায়োগ্যাস সপ্তাহ পালন শুরু করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রার উদ্বোধনের মধ্য দিয়ে এ সপ্তাহ পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় ।
দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজন শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর।
রাষ্টায়ত্ত প্রতিষ্ঠান ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় গার্হস্থ্য বায়োগ্যাস ও জৈব সার কর্মসূচি প্রকল্পের আওতায় সারাদেশে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হচ্ছে।
“গ্রামের মানুষ রান্না করার জন্য কেরোসিন, লাকড়ি ও খড়কুটোর বদলে ব্যবহার করছে এ প্লাট থেকে উৎপাদিত বায়োগ্যাস।”
ইতোমধ্যে সারাদেশে প্রায় ২০ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
প্রধান নির্বাহী বলেন, ২০০৬ সালের এপ্রিল থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় বছর মেয়াদী এ প্রকল্প হাতে নেওয়া হয়।
২০১২ সালের মধ্যে ৩৭ হাজার ২৬৯টি প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২০ হাজার প্লান্ট স্থাপন করা হয়েছে। বাকি প্লান্ট স্থাপন আগামী বছরের মধ্যে শেষ হবে বলে আশা করছেন তিনি।
৩০টি বেসরকারি সংস্থা ইডকলের সহযোগী সংগঠন হিসেবে গ্রাম পর্যায়ে এ প্লান্ট স্থাপনে কাজ করছে।
এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও জার্মান সরকারের উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ।
পচনশীল যে কোনো জৈব পদার্থ যেমন গোবর, মুরগীর বিষ্ঠা ইত্যাদি বায়ুশূন্য অবস্থায় রাখলে যে পরিচ্ছন্ন জ্বালাান গ্যাস উৎপন্ন হয় তাই বায়োগ্যাস।
সপ্তাহব্যাপী আয়োজন
বায়োগ্যাস ও জৈব সার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে রোববার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবে ইডকল । একইদিন টাঙ্গাইলের বাসাইল ও ঘাটাইল এলাকায় এবং যশোর শহরে শোভাযাত্রা, বায়োগ্যাস ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এছাড়া ১৯ ডিসেম্বর খুলনা শহর এবং গাজীপুর (বর্তপা, শ্রীপুর এলাকা), ২০ ডিসেম্বর কিশোরগঞ্জের সোহাগপুর, পাকুন্দিয়ায় এবং জয়পুরহাটে (পাঁচবিবি এলাকা), ২১ ডিসেম্বর কিশোরগঞ্জের কালিয়াছাপাড়ায় এবং রাঙ্গামটি শহরে, ২২ ডিসেম্বর পাবনার বোকেতপুর ও ইশ্বরদীতে এবং রংপুর শহরে, ২৩ ডিসেম্বর জয়পুরহাটের (পুনট ও কালি এলাকায়) এবং কুষ্টিয়া শহরে শোভাযাত্রা, বায়োগ্যাস ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮০২ ঘ.
bdnews24