২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার

মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর পূর্তিতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 04:22 AM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর পূর্তিতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর গাড়ি বহর স্মৃতিসৌধে পৌঁছায় শুক্রবার ভোর সাড়ে ৬টায়। ততোক্ষণে কনকনে শীতের মধ্যে কুয়াশা ঘেরা
স্মৃতিসৌধের সামনে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। তাদের হাতে পতাকা, কপালে পতাকা, পোশাকেও লাল-সবুজের প্রতীকী উপস্থিতি।

৬টা ৪০ এ স্মৃতিসৌধের বেদিমূলে ফুল দেন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।

জাতির যে বীর সন্তানদের আত্মত্যাগে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের এই স্বাধীন দেশের উৎপত্তি হয়েছে, কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে একাত্তরের সেই শহীদদের স্মরণ করেন শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, মুক্তিযোদ্ধা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবার স্মৃতিসৌধে যাননি।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নেতাকর্মীদের নিয়ে আবারো ফুল দেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে সই করেন।

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া স্মৃতিসৌধে পৌঁছান সাড়ে ৭টার দিকে। এর পরপরই নেতাকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ারসহ জ্যেষ্ঠ নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন।

‘যুদ্ধাপরাধের বিচার এ মাটিতেই’

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর কোনো চেষ্টাই সফল হবে না।

“এবার বিজয়ের ৪০ বছরে আমাদের অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার এ মাটিতেই হবে এবং এই বিচারের রায়ও কার্যকর করা হবে।”

সরকার সা¤প্রদায়িকতামুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

হাজারো মানুষের ঢল

প্রধানমন্ত্রী শ্রদ্ধা জাননোর পরপরই জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হলে জনতার ঢল নামে। বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে থাকে একে একে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদের স্মৃতির মিনার।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনেই পাকিস্তানী শাসন থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০৯৪০ ঘ.