২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের অনুষ্ঠান বানচালে ‘মৌলবাদী চেষ্টা’

বিজয়ের ৪০ বছর উপলক্ষে আয়োজিত আনন্দ সঙ্গীতানুষ্ঠান বানচালের চেষ্টা চালাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কিছু মাদ্রাসা ছাত্র-শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ের ৪০ বছর উপলক্ষে আয়োজিত আনন্দ সঙ্গীতানুষ্ঠান বানচালের চেষ্টা চালাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কিছু মাদ্রাসা ছাত্র-শিক্ষক। আগামী ১৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা। এ অনুষ্ঠান বন্ধের দাবিতে বৃহস্পতিবার শহরে মিছিল করেছে মাদ্রাসার ওই ছাত্র-শিক্ষকরা। তারা ছিঁড়ে ফেলেছে অনুষ্ঠানের পোস্টার। লাঞ্জিত করেছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। মিছিল থেকে জেলা প্রশাসকের বাস ভবনে ইটও ছোড়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “মৌলবাদীরা বিজয় দিবসের অনুষ্ঠান বানচাল করার অপচেষ্টা করছে।” সকাল সাড়ে ১১টার দিকে বিজয়ের কনসার্ট বন্ধের দাবিতে কান্দিপাড়া জামিয়া ইউনুসিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে একটি মিছিল করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। টিএ রোডে মিছিল শেষে পথ-সভায় কওমী মাদ্রাসা ইসলামী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মো. ইয়াহিয়া বলেন, “অশ্লীল নাচ-গান ব্রাহ্মণবাড়িয়ার পূণ্যভুমিতে হতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে এই কনসার্ট বন্ধ করা হবে।” কাউতলী যাওয়ার সময় মিছিল থেকে জেলা প্রশাসকের বাস ভবনে ইট ছোড়া হয়। এ সময় নির্বাহী হাকিম রাশেদুল হাসান লাঞ্ছিত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলা প্রশাসক জানিয়েছেন, তার বাসায় ইটপাটকেল নিক্ষেপ ও নির্বাহী হাকিমকে লাঞ্ছিত করার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কনসার্টের আয়োজক গুণিজন সংবর্ধনা পরিষদের উপদেষ্টা ডা. আশীষ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, প্রতি বছরই তারা বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করেন। এবারও বিজয়ের ৪০ বছর পূর্তিতে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বিজয়-আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি জানান, শহরের বিভিন্ন স্থানে লাগানো বিজয় কনসার্টের পোস্টার ছিড়ে ফেলেছে এই মৌলবাদীরা। ওই কনসার্টে হৃদয় খান, এলআরবি, দলছুটসহ দেশের কয়েকজন জনপ্রিয় শিল্পীর সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২৪৫ ঘ.