২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় চেয়েছে অবৈধ ভিওআইপি তদন্ত কমিটি

অবৈধ ভিওআইপি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। কমিটির আহ্বায়ক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার এটিএম মনিরুল আলম প্রতিবেদন জমার সময় বৃদ্ধির আবেদন করেছেন বলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস। তবে তদন্ত কমিটি কাজ শুরুর পরপরই বৈধভাবে আন্তজার্তিক ইনকামিং কল প্রতিদিন গড়ে এক কোটি মিনিট বেড়েছে বলে দাবি করেছে বিটিআরসি। অবৈধ ভিওআইপি এবং স¤প্রতি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেডের (বিটিসিএল) মাধ্যমে আন্তর্জাতিক ইনকামিং কল হ্রাস বিষয়ে অনুসন্ধানে মনিরুলকে আহ্বায়ক করে গত ১ ডিসেম্বর এ কমিটি করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ছয় সদস্যের এ কমিটি বুধবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার পর্যন্ত জমা হয়নি। টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কমিটির সদস্যদের দৈনন্দিন কাজের সঙ্গে তদন্তের কাজ করতে হচ্ছে তাই সময় একটু বেশি প্রয়োজন পড়েছে।” কমিটির এক সদস্য ও বিটিআরসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “তদন্ত প্রতিবেদন জমা দিতে মন্ত্রণালয়ের কাছে ২০ দিন অতিরিক্ত সময় চেয়ে আবেদন করা হয়েছে।” “অনুসন্ধানে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে এবং আরো অধিকতর তদন্ত করতেই সময় চাওয়া হয়েছে,” যোগ করেন ওই কর্মকর্তা। বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মাসের তুলনায় চলতি মাসে বৈধ কলের সংখ্যা বেড়েছে। বিটিআরসি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “গত নভেম্বরে প্রতিদিন বৈধভাবে চার কোটি এক লাখ মিনিট কল রেকর্ড করা হয়। কিন্তু চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরে গড়ে প্রতিদিন এক কোটি মিনিট কল বেড়েছে।” তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বিটিআরসি স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক (তার) হুসনুল মাহমুদ খান, উপ-সচিব মাহবুব উল-আলম, বিটিআরসি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন ও বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জিয়ান শাহ কবির। বিটিসিএলের মাধ্যমে আসা আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ কমে যাওয়ার কারণ, অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনের ক্ষেত্রে কোনো ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ)/ ইনটারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স)/ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সংশ্লিষ্টতা আছে কি না তা নির্ণয় ও থাকলে তার দায়-দায়িত্ব নির্ধারণ এবং অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) শনাক্ত ও রোধে করণীয় প্রস্তাব করার কথা এ কমিটির। বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন অপারেটরদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) লাইসেন্স নেই। এ লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে গত ৯ অগাস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে টেলিযোগাযোগ সংক্রান্ত ফি ও চার্জ বিষয়ক এক পর্যালোচনা সভার পর বলেছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০১৭ ঘ.