টাঙ্গাইল/সিরাজগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু যমুনা সেতু পরিদর্শন করে দেশের দীর্ঘতম এই সেতুর সংস্কার কাজ দ্রুতই শেষ করার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার সেতু পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, এই সেতুর ফাটল মেরামতের কাজ আগামী বছরের জুনের মধ্যেই শেষ হবে।
যোগাযোগমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি সেতুর সংস্কার কাজ দ্রুত শুরু করার কথা জানিয়েছেন তিনি।
বঙ্গবন্ধু সেতুর মেরামত ও রক্ষণাবেক্ষণে রাজনৈতিক হস্তক্ষেপের কথা বললেও তা কীভাবে হচ্ছে তা স্পষ্ট করেননি ওবায়দুল কাদের।
তিনি বলেন, “কী ধরনের হস্তক্ষেপ হচ্ছে তা নিশ্চিত হয়েই ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের এলেঙ্গা অংশের মেরামত কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য মন্ত্রী ঠিকাদারকে নির্দেশ দেন।
তবে এই সড়ককে চার লেনে উন্নীত করার কোনো কাজ এই মুহূর্তে না নিয়ে পুরাতন সড়ক ও সেতু অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে বলে মন্ত্রী জানান।
এই সড়কের ঝুঁকিপূর্ণ পৌলি সেতুর পাশে বিকল্প বেইলি সেতু ও সংযোগ সড়ক নির্মাণ কাজ আগামী এক মাসের মধ্যে শেষ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সকালে সেতু পরিদর্শণের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের আরো বলেন, “আমাদের হাতে মাত্র দেড় বছর সময় আছে। আমরা অতীতে ফিরে যেতে চাই না। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24