২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ ইটভাটা, ২০ করাতকল বন্ধের নির্দেশ

চট্টগ্রামের লোহাগড়ায় সংরক্ষিত বনের পাশে থাকা ২২ ইটভাটা ও ২০ করাতকল তদন্ত সাপেক্ষে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগড়ায় সংরক্ষিত বনের পাশে থাকা ২২ ইটভাটা ও ২০ করাতকল তদন্ত সাপেক্ষে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিবেশ আইনবিদ সমিতির দায়ের করা এক রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেয়। চট্টগ্রামের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব ইটভাটা ও করাতকল বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না এবং এসব স্থাপনা নির্মাণ ও কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত। পরিবেশ সচিব, ভূমি সচিব, শিল্প সচিব, প্রধান বন সংরক্ষকসহ ১১ জন এর জবাব দিতে তিন সপ্তাহ সময় পেয়েছেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। ইকবাল কবির লিটন সাংবাদিকদের বলেন, বন আইন-১৯২৭ এবং করাত কল বিধিমালা-১৯৯৮ অনুসারে সংরক্ষিত বনের ৩ কিলোমিটারের মধ্যে ইটভাটা এবং ১০ কিলোমিটারের মধ্যে করাত কল স্থাপন করা যাবে না। এ আইন ও বিধিমালা লঙ্ঘন করে এসব ইটভাটা ও করাতকল গড়ে উঠেছে। ১২ ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘সংরক্ষিত বনের পাশে ২২ ইটভাটা ও ২০ করাতকল’ শীর্ষক এক প্রতিবেদনের ভিত্তিতে রিট আবেদনটি দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫২০ ঘ.