ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জাফলংয়ে ডাউকি নদীর ওপর সেতু নির্মাণ বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পরিবেশ আইনবিদ সমিতির দায়ের করা এক রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ র্র্অন্তবতীকালীন এ আদেশ দেয়।
সিলেটের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্তকরে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
২ জানুয়ারির মধ্যে এ বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে সিলেট জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে ওই সেতুর নির্মাণ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারকে তার কারণ জানাতে বলেছে আদালত।
পরিবেশ সচিব, ভূমি সচিব, শিল্প সচিব, জ্বালানি সচিব, ওয়াপদার মহাপরিচালক, পরিবেশ অধিপ্তরের মহাপরিচালকসহ ১১ জন এর জবাব দিতে তিন সপ্তাহ সময় পেয়েছেন।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
ইকবাল কবির লিটন সাংবাদিকদের বলেন, ডাউকি নদীর উপর চৈলাখাল মৌজায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং পরিবেশগত প্রভাব নিরূপণ না করেই একটি ব্যবসায়ী মহল সেতু নির্মাণ করছে।
“এ বিষয়ে স্থানীয় সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর সকালেই রিট আবেদনটি দায়ের করা হয়”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫৪৩ ঘ.
bdnews24