২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের বিরুদ্ধে জমি দখলে সহায়তার অভিযোগে

নারায়ণগঞ্জ সদরে জমি দখলে সহায়তার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব’র দুই কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে জিডি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 05:47 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে জমি দখলে সহায়তার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব’র দুই কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে জিডি হয়েছে। বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার শহীদুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় এ সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযুক্তরা হলেন র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার আরমান উল্লাহ চৌধুরী, ডিএডি ফরহাদ হোসেন, আলী হোসেন, আক্কাস আলী রনি, ফারুক, মনির হোসেন, ইব্রাহীম ও ইসমাইল। তবে জিডিতে এই দুই র‌্যাব কর্মকর্তার পদবী উল্লেখ করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৮১ সাল থেকে সিদ্ধিরগঞ্জের হাজেরা মার্কেট এলাকায় ক্রয় করা ৪৫ শতাংশ জমি তিনি ভোগদখল করে আসছেন। স¤প্রতি ঢাকার খিলগাঁও থানার জি-২৩ দক্ষিণ বনশ্রীর প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে আক্কাস আলী রনি মিজমিজি দক্ষিণপাড়ার মোহাম্মদ আলী হোসেন গংয়ের কাছ থেকে ওই জমি বায়না করে নিয়েছে দাবি করে দখলের পাঁয়তারা করছিলেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার আরমান উল্লাহ চৌধুরী ও উপ-সহকারী পরিচালক (ডিএডি) ফরহাদ গাড়ি নিয়ে ওই জমিতে আসেন। তাদের উপস্থিতিতে সন্ত্রাসী আলী হোসেন, আক্কাস আলী রনি, ফারুক, মনির হোসেন, ইব্রাহীম, ইসমাইল জমিতে টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘর তৈরির চেষ্টা করে। বাধা দিলে তাকে (শহীদুল ইসলাম) জীবন নাশের হুমকি দেয়। এক পর্যায়ে এলাকাবাসী ধাওয়া দিলে সন্ত্রাসী ও র‌্যাবের লোকজন চলে যায়। শহীদুল ইসলাম আরো জানান, ঘটনার পর তিনি সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে র‌্যাবের ওই দুই কর্মকর্তাসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে জিডি করতে গেলে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকসানা র‌্যাবের কর্মকর্তাদের নাম থাকায় জিডিটি গ্রহণ করেননি। পরে তাদের পদবী বাদ দিয়ে শুধু তাদের নাম উল্লেখ করলে জিডি নেওয়া হয়। এ ব্যাপারে এএসআই রোকসানা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদী জিডিতে র‌্যাব সদস্যদের পদবী উল্লেখ না করায় তা জিডিতে নেই। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, “র‌্যাব কর্মকর্তার নাম উল্লেখ করে প্রথমে জিডি দেওয়ার বিষয়টি আমার জানা নেই।” সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় জমির দাম বৃদ্ধির কারণে প্রতিদিন থানায় মামলা ও জিডি হচ্ছে। বুধবার দুপুরেও এ ধরনের একটি ঘটনায় থানায় জিডি হয়েছে। জিডিটি তিনি পড়ে দেখেননি বলে জানান। এ ব্যাপারে র‌্যাব কর্মকর্তা আরমানউল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি জমির মালিকানা নিয়ে শহীদুল ইসলামের সঙ্গে অপর একজনের বিরোধ ছিল। “বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে উভয় পক্ষের লোকজন গেলে সংঘাতময় পরিস্থিরি সৃষ্টি হয়। তখন খবর পেয়ে সেখানে আমি র‌্যাবের একটি দল পাঠাই,” বলেন তিনি। তার বিরুদ্ধে জমি দখলে সহায়তার অভিযোগটি সত্য নয় বলেও তিনি দাবি করেন। জিডিতে নাম উল্লেখ করা প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি আমার এবং র‌্যাবের আরেক কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় জিডি করা হয়েছে। তবে জিডিতে আমাকে অভিযুক্ত করা হলে সেটা হবে দুর্ভাগ্যজনক। কারণ আমি সকাল থেকে ঢাকা ছিলাম। এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। নারায়ণগঞ্জ পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের কর্মকর্তার নামে জিডির বিষয়টি তার জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.